দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা জেমিনিতে বড় পরিবর্তন আনছে গুগল। ৯ অক্টোবর থেকে বিনামূল্যের অ্যাকাউন্টে জেমিনি ফ্ল্যাশ ও জেমিনি প্রো মডেল ব্যবহারের সুযোগ সীমিত হবে। গুগলের তথ্য অনুযায়ী, মডেলের নাম, সংস্করণ ও ব্যবহারের সুযোগ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
বর্তমানে জেমিনি অ্যাপ বা ডেস্কটপ সংস্করণে একাধিক মডেল ব্যবহারের সুযোগ রয়েছে। তবে নতুন পরিবর্তনের ফলে বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহারের ওপর জোর দেওয়া হবে।
গুগলের তথ্যমতে, জেমিনি ফ্ল্যাশ-লাইট দ্রুত দৈনন্দিন কাজের জন্য তৈরি। সারসংক্ষেপ তৈরি ও ভাবনা সাজানোর মতো কাজে এটি উপযোগী। জেমিনি ফ্ল্যাশ তুলনামূলকভাবে বেশি সক্ষম এবং গতি ও যুক্তি বিশ্লেষণের মধ্যে ভারসাম্য রেখে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। অন্যদিকে, জেমিনি প্রো জটিল গণিত, কোডিং এবং টেক্সট, ফাইল, ছবি ও ভিডিও বিশ্লেষণের মতো কাজে বেশি সক্ষম।
এই পরিবর্তনের প্রভাব পড়বে গুগলের এআই প্লাস গ্রাহকদের ওপরও। তবে কোন মডেল কোন গ্রাহকের জন্য কতটা উন্মুক্ত থাকবে, তা নির্ধারিত ব্যবহারের সীমা ও গুগলের পরিবর্তিত নীতির ওপর নির্ভর করবে।
গুগল এআই প্ল্যানগুলোতে ব্যবহারের সীমায়ও পার্থক্য রয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, এআই প্লাসে সাধারণ সীমার তুলনায় দ্বিগুণ, এআই প্রোতে চার গুণ এবং এআই আল্ট্রায় সাবস্ক্রিপশনের ধরন অনুযায়ী এআই প্রোর তুলনায় পাঁচ বা ২০ গুণ বেশি ব্যবহারের সীমা রয়েছে।
এদিকে মডেল ব্যবহারে ‘থিঙ্কিং লেভেল’ সুবিধাও রয়েছে। যেখানে সুবিধাটি পাওয়া যায়, সেখানে ব্যবহারকারীরা স্ট্যান্ডার্ড বা আরও বেশি সময় ধরে যুক্তি বিশ্লেষণের স্তর বেছে নিতে পারেন। এআই আল্ট্রা গ্রাহকদের জন্য ‘ডিপ থিংক’ সুবিধা রয়েছে, যা সর্বোচ্চ পর্যায়ের সমান্তরাল যুক্তি বিশ্লেষণের জন্য তৈরি।
জেমিনি প্রো জটিল গণিত ও কোডিংয়ের পাশাপাশি বড় নথি, ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের ফাইল বিশ্লেষণে বেশি সক্ষম। ফলে পড়াশোনা, গবেষণা, সফটওয়্যার তৈরি এবং বড় নথি বিশ্লেষণের মতো কাজে উন্নত মডেলের প্রয়োজন হতে পারে।
অন্যদিকে, দ্রুত উত্তর, সাধারণ লেখালেখি, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং দৈনন্দিন তথ্যভিত্তিক কাজের জন্য জেমিনি ফ্ল্যাশ-লাইট ও ফ্ল্যাশ ব্যবহার করা যায়। গুগলের বর্তমান সহায়তা পেজে এসব মডেলের সক্ষমতা ও ব্যবহারের সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
সুত্র-এনগ্যাজেট
এমএম/